
চুয়াডাঙ্গার জীবননগরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উদযাপন করা হয়েছে। আলোচনা সভা, শোভাযাত্রা, জন্ম ও মৃত্যু নিবন্ধনে অবদান রাখায় পুরস্কৃত করা হয়।
সভায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ডকুমেন্ট হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদ। ১৮ বছরের কম বয়সীরা ন্যাশনাল আইডি কার্ড পায় না। তাদের জন্য জন্ম নিবে সনদ খুবই গুরুত্বপূর্ণ। জনগণকে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতন করতে হবে। জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে সনদ নিলে তারা বিনা মূল্যে পাবে। কোনো টাকা লাগবে না।
শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আগে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। সভা শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উপজেলা সেরা হওয়ায় মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাতে স্মারক তুলে দেওয়া হয় হয়। সেই সাথে জন্ম ও মৃত্যু নিবন্ধনে বিশেষ অবদান রাখায় মনোহরপুর ইউপি সচিব মো. লিয়াকত আলীকে পুরস্কার দেওয়া হয়।
ইউএনও হাসিনা মমতাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈসা। মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র।
এ ছাড়া উপস্থিত ছিলেন- সীমান্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিল্টন মোল্লা, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সিনিয়র সাংবাদিক সালাউদ্দিন কাজল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জীবননগর উপজেলা শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন। সভা সঞ্চালনা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল জব্বার।