চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ শরিফুল (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। আটক শরিফুল বাঘাডাঙ্গা নতুন পাড়া এলাকার মো. শাহিন আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাডাঙ্গা নতুন পাড়া এলাকায় মাদক কেনাবেচা বা মজুতের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খানের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে শরিফুলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জুম্মান খান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এবং মাদকের বিস্তার রোধে ফাঁড়ি পুলিশের নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
স্থানীয় বাসিন্দারা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযানকে স্বাগত জানিয়ে এলাকায় মাদক নির্মূলে নিয়মিত তদারকি জোরদার করার দাবি জানিয়েছেন।
Editor Information
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © দৈনিক আমাদের চুয়াডাঙ্গা.কম