
লালমনিরহাট জেলার ৫টি উপজেলার বিভিন্ন এলাকায় আলু চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবার আলু আবাদে ফলন ভালো হবে বলে কৃষকরা জানিয়েছেন।
এছাড়াও আলু বীজ, সার ও কীটনাশক ঔষধের পর্যাপ্ত সরবরাহ থাকায় লালমনিরহাটের কৃষকেরা মহা খুশি।
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ গ্রামের আলু চাষী মোঃ সাহেব আলীসহ একাধিক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক আলুর বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় আলু চাষ কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে। এ বছর আলুর খেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকূলে থাকলে লালমনিরহাট জেলায় এবার আলুর বাম্পার ফলন হবে।
চলতি বছর লালমনিরহাট জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে উফশী ৬হাজার ৬শত ৭৭হেক্টর ও স্থানীয় ৪শত ৮৩হেক্টরসহ মোট ৭হাজার ১শত ৬০হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ জানিয়েছেন।লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আলু উফশী জাতের এস্টারিক্স, কার্ডিনাল, ক্যারেজ, কুপড়ি সিন্দুরি, ডায়মন্ড, গ্র্যানুলা, এ্যালুয়েট, কুইন এ্যানি, সানসাইন, সেভেন, সান্তানা চাষ হচ্ছে। এছাড়াও স্থানীয় জাতের বগুড়াই, শিলবিলাতি, লালপাকড়ি, জলপাই, ইন্দুরশাইল, পাটনাই, ঝাউবিলাতি আলু চাষ হচ্ছে।
এদিকে লালমনিরহাটের হাট-বাজারে আগাম জাতের নতুন আলু আর কয়েক দিনের মধ্যে পাওয়া যাবে। প্রতি বছরের ন্যায় এবারেও আলুর বাম্পার ফলন হবে বলে কৃষকরা আশাবাদী।
লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন বলেন, নতুন করে আগাম আলু চাষ শুরু হয়েছে। চলতি বছর অনূকুল আবহাওয়ায় আলুর বাম্পার ফলন হবে।উল্লেখ্য যে, এ বছর লালমনিরহাট জেলার ৫টি উপজেলার মধ্যে লালমনিরহাট সদরের ৪হাজার ১০হেক্টর, আদিতমারীতে ১হাজার ১শত হেক্টর, কালীগঞ্জে ১হাজার ১শত ২০হেক্টর, হাতীবান্ধায় ৬শত ৮০হেক্টর ও পাটগ্রামে ২শত ৫০হেক্টরসহ মোট ৭হাজার ১শত ৬০হেক্টর জমিতে উফশী ও স্থানীয় আলুর চাষ হয়েছে।
Editor Information
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © দৈনিক আমাদের চুয়াডাঙ্গা.কম