লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র বিশেষ অভিযানে ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি এ তথ্য নিশ্চিত করেছেন।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলমান অপারেশন নারকোটিক্স স্ট্রাইক অভিযানের অংশ হিসেবে রামখানা এবং অনন্তপুর বিওপির পৃথক ২টি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক ভারতীয় শাড়ী এবং কোর্ট ও প্যান্টের থান কাপড় জব্দ করেছে।
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পূর্ব পরিকল্পিতভাবে আকস্মিক চেক পোস্ট স্থাপন করে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৫টায় রামখানা বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার নাখারগঞ্জ বাজার এবং একই রাত ১০টা ১০মিনিটে অনন্তপুর বিওপির আওতাধীন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার অনন্তপুর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে এবং বিজিবি টহলদল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রামখানা বিওপির এলাকা হতে ভারতীয় শাড়ী ৩৩পিস, কোর্টের থান কাপড় ৭শত ২০মিটার, প্যান্টের থান কাপড় ৩৬মিটার ও ১টি অটো এবং অনন্তপুর বিওপির এলাকা হতে ভারতীয় জর্জেট শাড়ী ২৪পিস জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৬লক্ষ ১৪হাজার টাকা। এছাড়াও, সংশ্লিষ্ট চোরাকারবারীদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। দেশীয় কাপড় বা পোশাক শিল্পকে অস্থিতিশীল করার জন্য চোরাকারবারীরা শীতের আগমনের সুযোগকে কাজে লাগিয়ে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য পাচারের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের অপতৎপরতা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও সজাগ রয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাসমূহে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও চোরাচালান ও মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Editor Information
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © দৈনিক আমাদের চুয়াডাঙ্গা.কম