চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে (চৌরাস্তার মোড়) একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় কলম আলী (৩৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত কলম চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার কসেদ আলীর মেজো ছেলে। তাঁর ১২ বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে ব্রিজের দিক থেকে দ্রুতগতিতে নেমে আসা একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে থাকা কয়েকটি ইজিবাইক ও দুইটি বাইসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে বাইসাইকেল আরোহী দিনমজুর কলমসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর আহত কলমকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত অন্য ব্যক্তিদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এদিকে বিকেলে নিহতের মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছেন নিহতের স্ত্রী ও স্বজনরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি অপারেশন) আবু সাইদ জানান, পুলিশ নিহতের বাড়িতে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Editor Information
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © দৈনিক আমাদের চুয়াডাঙ্গা.কম