চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়ার একটি ভাড়া বাসা থেকে জান্নাতুল মাওয়া (১৯) নামের চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোরে নিজ শয়নকক্ষের শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যার কথা বলা হলেও তার এই মৃত্যুকে কেন্দ্র করে জনমনে ও সহপাঠীদের মাঝে গভীর রহস্য এবং ধোঁয়াশা তৈরি হয়েছে।
নিহত জান্নাতুল মাওয়া চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে এবং তিনি পৌর কলেজপাড়ায় ভাড়া বাসায় থেকে পড়াশোনা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সোমবার ভোর ৪টা ২০ মিনিটের মধ্যে যেকোনো একসময় শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। পরবর্তীতে ভোরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করেন এবং ভোর ৫টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এদিকে জান্নাতুল মাওয়ার এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছেন না তার সহপাঠী ও এলাকাবাসী। সহপাঠীদের অনেকেরই দাবি, জান্নাতুল মাওয়া আত্মহত্যা করার মতো মেয়ে নন। এটি আদৌ আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা হত্যাকাণ্ড রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের পক্ষ থেকে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার সহপাঠী ও স্বজনরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Editor Information
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © দৈনিক আমাদের চুয়াডাঙ্গা.কম