‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে-ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা’ এ লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে গাইবান্ধার পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) ফুটবল ইভেন্টের বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে এ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল ইভেন্ট বালক দলের ফাইনাল খেলায় কিশোরগাড়ী ইউনিয়ন দলকে ২-১ গোলে পরাজিত করে পলাশবাড়ী পৌরসভা দল চ্যাম্পিয়ন হয়। অপর বালিকা দলের খেলায় ট্রাইব্রেকারে পবনাপুর ইউনিয়ন দলকে ৪-১ গোলে পরাজিত করে হোসেনপুর ইউনিয়ন দল চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল। এসময় পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অলঙ্গ মোহন রায়, সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আল-ইয়াসা রহমান তাপাদার, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার পরামানিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার তরুণ কুমার দত্ত, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. আতিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশফেকুর রহমান রিপন, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডল, বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা ছাড়াও উপজেলা প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) পরিচালনা কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এবারের নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে। এসব এভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নিচ্ছে।