লালমনিরহাট সদর উপজেলায় দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় ৫জন পুলিশ সদস্য আহত হয়েছেন। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন— লালমনিরহাট সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, কনস্টেবল মামুন ইসলাম, লিটন মিয়া এবং শাহনাজ আক্তার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ নভেম্বর) রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে একটি ব্যাটারিচালিত রিকশা লালমনিরহাটের বড়বাড়ীর দিকে আসছিল। পথে আমতলা এলাকায় পৌঁছালে ৫জন ব্যক্তি রিকশাটির গতি রোধ করে। এ সময় রিকশাচালকের সঙ্গে তাদের প্রথমে বাকবিতণ্ডা ও একপর্যায়ে মারামারি শুরু হয়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে রিকশাচালক এরশাদুল হক ও রফিকুল ইসলাম অপু (৩৫) নামের এক যুবককে আটক করলেও বাকি ৪জন পালিয়ে যান। পরবর্তীতে বিষয়টি জানিয়ে স্থানীয়দের মধ্য থেকে ৯৯৯ এ ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হয়।
খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুই যুবককে নিজেদের হেফাজতে নেওয়ার চেষ্টা করলে স্থানীয়দের একটি পক্ষ বাধা দেয়। তারা বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করার দাবি জানান। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা চড়াও হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ৫জন পুলিশ সদস্যকে রাতেই ২৫০ শয্যা বিশিষ্ট লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আটককৃতদের মধ্যে রফিকুল ইসলামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামে। তিনি মৃত- শওকত আলীর ছেলে। অপরজন এরশাদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামে। তিনি নুর মোহাম্মদের ছেলে।
ঠিক কী নিয়ে দুই পক্ষ বিরোধে জড়িয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ সাদ আহমেদ বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। প্রাথমিক তথ্য অনুযায়ী, পালিয়ে যাওয়া ৪জনের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী এলাকায়। তাদের পরিচয় উদ্ধার ও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।
তিনি আরও জানান, সরকারি কাজে বাধা দান এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।