
সাংবাদিকতায় পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন সাংবাদিক নেতারা। তাঁরা বলেছেন, অনলাইন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিস্তারের এই সময়ে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্যের নির্ভুলতা, বিশ্বাসযোগ্যতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে কোনো আপস করা যাবে না।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে রিপোর্টার্স অব অনলাইন অ্যান্ড মাল্টিমিডিয়া অর্গানাইজেশন (রোমো)-এর নতুন সদস্যদের বরণ ও আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহা. আব্দুল আউয়াল। বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক ডালিম হোসেন শান্ত।
প্রধান অতিথির বক্তব্যে মুহা. আব্দুল আউয়াল বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশে সংবাদ পরিবেশনের ধরন ও গতি বদলে গেছে। তবে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় বস্তুনিষ্ঠতা, নির্ভুলতা ও পেশাগত নৈতিকতার সঙ্গে আপস করা যাবে না। সাংবাদিকতার মূল শক্তি বিশ্বাসযোগ্যতা। তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশ করলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাশাপাশি পুরো সাংবাদিক সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
তিনি আরও বলেন, অনলাইন সাংবাদিকদের তথ্য যাচাই, সংবাদ সম্পাদনা, ভাষার শুদ্ধতা এবং প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহারে দক্ষ হতে হবে। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, পেশাগত ঐক্য ও সহযোগিতা বাড়ানো জরুরি। রোমোকে সদস্য বাড়ানোর পাশাপাশি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে।
নতুন সদস্যদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতায় টিকে থাকতে জ্ঞান, দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার বিকল্প নেই। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের পাশাপাশি অনুসন্ধানী মনোভাব ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। এ ক্ষেত্রে রোমো প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের উদ্যোগ নিতে পারে।
বিশেষ অতিথির বক্তব্যে ডালিম হোসেন শান্ত বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ সংগ্রহ ও প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; এর সঙ্গে মানুষের অধিকার, সমাজের সমস্যা এবং রাষ্ট্রের জবাবদিহির বিষয় জড়িত। তাই পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের সাহসী, নিরপেক্ষ ও দায়িত্বশীল হতে হবে।
তিনি বলেন, নতুন সংগঠন হিসেবে রোমোকে সদস্যদের মধ্যে ঐক্য ও সহযোগিতার পরিবেশ তৈরি করতে হবে। পেশাগত মানোন্নয়ন, প্রশিক্ষণ এবং সাংবাদিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সংগঠনটি ভূমিকা রাখতে পারে।
রোমোর আহ্বায়ক মোহাম্মদ হুজাইফার সভাপতিত্বে এবং সদস্য সচিব তুহিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) রাজশাহী জেলা প্রতিনিধি ওমর ফারুক, দৈনিক কালবেলার রাজশাহী বিভাগীয় প্রধান মাহবুব হুসাইন, বাংলাদেশ বেতারের রাজশাহী মহানগর প্রতিনিধি আশিকুর রহমান, রোমোর যুগ্ম আহ্বায়ক নাঈম হোসেন এবং নতুন সদস্য দৈনিক উত্তরা প্রতিদিনের সাংবাদিক রাকিবুল ইসলাম।
অনুষ্ঠানে রোমোর নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বক্তারা অনলাইন সাংবাদিকতার সম্ভাবনাকে কাজে লাগাতে পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা ও নৈতিকতার চর্চা বাড়ানোর আহ্বান জানান।