
নগদ অর্থের ব্যবহার কমিয়ে সহজ, নিরাপদ ও সমন্বিত ডিজিটাল লেনদেন জনপ্রিয় করার লক্ষ্যে লালমনিরহাটে ‘এক দেশ, এক কিউআর’ কর্মসূচির আওতায় বাংলা কিউআর প্রচার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) লালমনিরহাট পৌরসভার পৌর মার্কেটের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের নির্দেশনায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। উত্তরা ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখা ও ব্যাংকার্স ক্লাব এ আয়োজনের ব্যবস্থাপনায় ছিল।
উত্তরা ব্যাংক পিএলসি বগুড়া অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের পরিচালক এ কে এম কামরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের যুগ্ম পরিচালক মো. সোহেল রানা এবং রূপালী ব্যাংক পিএলসি লালমনিরহাটের জোনাল ম্যানেজার মো. অহিদুজ্জামান। এ সময় জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাংলা কিউআর ব্যবহার করে বিভিন্ন ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে সহজেই অর্থ পরিশোধ করা যায়। এর মাধ্যমে একাধিক কিউআর ব্যবস্থার পরিবর্তে একটি সমন্বিত ডিজিটাল লেনদেন ব্যবস্থার সুযোগ তৈরি হয়েছে।
ক্যাম্পেইনে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের বাংলা কিউআর ব্যবহারের পদ্ধতি ও সুবিধা সম্পর্কে অবহিত করা হয়। নগদবিহীন লেনদেন সম্প্রসারণে ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।