
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর পৃথক অভিযানে ২ লাখ ১৩ হাজার ২০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল ও ইস্কাপ সিরাপ জব্দ করা হয়েছে। শনিবার ও রোববার জেলার আদিতমারী ও হাতীবান্ধা সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি।
বিজিবি সূত্রে জানা যায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মোগলহাট ও ঝাউরানী বিওপির টহলদল পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মোগলহাট বিওপির আওতাধীন আদিতমারী থানার বানিয়াটারী এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় সন্দেহজনক কয়েকজন ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে ধাওয়া করলে তাঁরা বহন করা মালামাল ফেলে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ভারতীয় বিভিন্ন প্রকার মালামাল জব্দ করা হয়।
অন্যদিকে, রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টা ৪০ মিনিটে ঝাউরানী বিওপির আওতাধীন হাতীবান্ধা থানার খামারভাতী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে ধাওয়া করলে সে সঙ্গে থাকা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ৪৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় বিভিন্ন প্রকার মালামালের সিজার মূল্য ১ লাখ ৯৫ হাজার ২০ টাকা এবং ৪৫ বোতল ইস্কাপ সিরাপের সিজার মূল্য ১৮ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা পণ্যের মোট সিজার মূল্য ২ লাখ ১৩ হাজার ২০ টাকা।
চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে সীমান্তে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।