
চুয়াডাঙ্গায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
টুর্নামেন্টটি সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের লক্ষ্যে সভায় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১৩ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বলে জানানো হয়।
এবারের টুর্নামেন্টে চুয়াডাঙ্গা জেলার আটটি দল অংশ নেবে। টুর্নামেন্টকে ঘিরে জেলার ক্রীড়াঙ্গনে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সভায় টুর্নামেন্ট পরিচালনার জন্য বিভিন্ন কমিটি গঠন, মাঠ প্রস্তুত, খেলোয়াড়দের অংশগ্রহণ, নিরাপত্তা ব্যবস্থা, দর্শকদের ব্যবস্থাপনা এবং প্রচার-প্রচারণাসহ বিভিন্ন আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট যাতে সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। খেলাধুলার মতো বড় একটি আয়োজন নিয়ে যাতে কোনো ধরনের অভিযোগ বা প্রশ্ন না ওঠে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, টুর্নামেন্টটি স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালনা করতে হবে। খেলায় কোনো ধরনের অনিয়ম, স্বজনপ্রীতি বা পক্ষপাতের অভিযোগ যাতে না ওঠে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিশেষ করে তরুণদের সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত আসক্তি থেকে দূরে রাখতে নিয়মিত খেলাধুলার সুযোগ সৃষ্টি করা জরুরি। খেলাধুলা মানুষের শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। তাই তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপস্থিত অতিথিরা টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য বিভিন্ন পরামর্শ দেন। পাশাপাশি জেলার প্রত্যন্ত এলাকার খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি. এম. তারিক-উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. খালিদ হোসেন সিদ্দিকী, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, সিনিয়র সাংবাদিক মানিক আকবর ও কামরুজ্জামান সেলিম, চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদসহ সাবেক ও বর্তমান খেলোয়াড় এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।