
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস) সোমবার চুয়াডাঙ্গা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিট ও স্থাপনা পরিদর্শন করেছেন। এ সময় তিনি বাহিনীর সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনি চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে কর্মরত আনসার সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন। প্রথমে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানিতে কর্মরত আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের সার্বিক খোঁজখবর নেন। পরে কেরু ডিস্টিলারি, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় পরিদর্শন করেন।
এরপর তিনি চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন (৯ বিএন) ক্যাম্পে বিশেষ দরবারে অংশ নিয়ে সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। বেলা ৩টায় সহধর্মিণীসহ জেলা আনসার কার্যালয় ও ব্যাটালিয়ন ক্যাম্পে পৌঁছালে জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম ফুল দিয়ে তাকে স্বাগত জানান।
পরিদর্শনকালে রেঞ্জ কমান্ডার ক্যাম্পের ব্যারাক, অস্ত্রাগার, অফিস কক্ষসহ আশপাশের সার্বিক পরিবেশ ও পরিচ্ছন্নতা ঘুরে দেখেন এবং দাপ্তরিক ও মাঠপর্যায়ের কার্যক্রমের গতিশীলতায় সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়ে বাহিনীর শৃঙ্খলা রক্ষা, আধুনিক প্রশিক্ষণ নিশ্চিতকরণ এবং ক্যাম্পের নিরাপত্তা জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। দেশ গঠন ও তৃণমূলের নিরাপত্তা রক্ষায় আনসার ও ভিডিপির প্রতিটি সদস্যকে আরও নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় রেঞ্জ কমান্ডার মো. আব্দুস সামাদ আরো বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনীগুলোর একটি। দেশের সার্বভৌমত্ব ও আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে বাহিনীটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাঠপর্যায়ের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের অংশ হিসেবেই খুলনা বিভাগের বিভিন্ন ইউনিট পরিদর্শন করছি।
তিনি আরও বলেন, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাহিনীর সদস্য ও তাদের পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে মহাপরিচালকের উদ্যোগে ‘সঞ্জীবন প্রকল্প’ পাইলট ভিত্তিতে বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আবিদুল হাসান শিমুল, সদর উপজেলা প্রশিক্ষক মিলল হোসেন, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, কেরু অ্যান্ড কোম্পানির জিএম (প্রশাসন) আল ফারুক ওমর শরীফ গালিব, আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার মো. জহুরুল ইসলাম, কর্মকর্তা মো. আশরাফ আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যাটালিয়নের সদস্যরা।