
চুয়াডাঙ্গা প্রতিনিধি: (১৭-০৯-২৩)
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে শিক্ষার্থীদেরকে বীর মুক্তিযোদ্ধাদের ‘যুদ্ধকালীন বীরত্বগাঁথা’ গল্প শুনিয়েছেন চুয়াডাঙ্গার বীর মুক্তিযোদ্ধারা। রোববার সকাল ৯ টা থেকে দুপুর পর্যন্ত বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয় (ভি. জে স্কুল) অডিটরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের পরিচালক (প্রশাসন ও অর্থ) এবং বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শাহ আলম সরদার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজী রেখে দেশকে স্বাধীন করেছেন। দেশকে স্বাধীন করার জন্য তারা শহীদ হয়েছেন। দেশের প্রতি তাদের গভীর ভালোবাসার কারণেই তারা জীবন দিয়েছেন। মুক্তিযুদ্ধে গল্প বলার এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে এবং তাদের মাধ্যমে পরবর্তী প্রজন্মও মুক্তিযুদ্ধে বীরত্বগাথা জানতে পারবে।’চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূইঁয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ও বাংলাদেশ সরকারের উপ-সচিব ড. নুরুল আমিন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আক্তার।
অনুষ্ঠানে গল্প শোনান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, সাবেক ডেপুটি ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দীন বাবু, সাবেক জেলা ইউনিট কমান্ডার আব্দুল মাবুদ জোয়ার্দ্দার, জেলা ইউনিটের সাবেক কার্যকরি সদস্য বীর মুক্তিযোদ্ধা মুক্তার আলী।মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথা গল্প শুনতে অনুষ্ঠানে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।