
লালমনিরহাট জেলা প্রশাসনের নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে মাঠ পর্যায়ে নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।
শনিবার (৬ জুন) আদিতমারী উপজেলা প্রশাসন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এক সচেতনতামূলক কর্মসূচি এবং বিশেষ চিকিৎসা সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সকালে আদিতমারী উপজেলা ক্যাম্পাস এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালী শেষে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরের ভেতরে এক বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ নিজ হাতে চারপাশের ঝোপঝাড় ও জমানো পানি অপসারণের কাজে অংশ নেন।
এদিকে, উপজেলার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনা করে আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২০ ভায়াল (Vial) র্যাবিস বা জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাক্সিন (Rabies Vaccine) হস্তান্তর করা হয়েছে। এই ভ্যাক্সিন বিতরণের ফলে স্থানীয় পর্যায়ে অসচেতনতা বা দুর্ঘটনার কারণে জলাতঙ্কের ঝুঁকিতে থাকা রোগীরা সহজেই সরকারি হাসপাতালে বিনামূল্যে উন্নত চিকিৎসা পাবেন।
উক্ত কর্মসূচিগুলোতে আদিতমারী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্থানীয় সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম এবং জনসেবামূলক এ ধরনের চিকিৎসাসেবা সংক্রান্ত সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।