
লালমনিরহাট সদরে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যুতে লালমনিরহাট জেলা প্রশাসন গভীর শোক জানিয়েছে। শনিবার (৬ জুন) সকালে লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সোমানা বেগম নামের ৭বছর বয়সী এক শিশু কন্যার আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।প্রাপ্ত তথ্যানুযায়ী, জামালপুর জেলার স্থায়ী বাসিন্দা মঙ্গল আলী ও মোছাঃ সুমি বেগমের শিশু কন্যা সোমানা বেগম (৭) বাবা-মায়ের সাথে লালমনিরহাট সদর উপজেলার ৮নং গোকুন্ডা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রতিপুর গ্রামে তার নানা বাড়িতে বেড়াতে এসেছিল। সেখানে অবস্থানকালীন সময়ে সবার অলক্ষ্যে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে যায় এবং পরবর্তীতে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। বেড়াতে এসে একটি নিষ্পাপ শিশুর এমন অকাল ও আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
লালমনিরহাট জেলা প্রশাসন শোকসন্তপ্ত বাবা-মা ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং এই কঠিন সময়ে তাদের ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য পরম করুণাময়ের নিকট প্রার্থনা করছে।
পুকুর বা জলাশয়ের কাছাকাছি শিশুদের চলাফেরার ক্ষেত্রে আরও বেশি সতর্ক হওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল অভিভাবক ও সচেতন মহলের প্রতি বিনীত অনুরোধ জানানো হচ্ছে। বিশেষ করে নতুন কোনো পরিবেশে বা বেড়াতে যাওয়ার পর শিশুদের ওপর সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা অত্যন্ত জরুরি, যাতে এরূপ কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।