
লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হর নারায়ণ গ্রামের বীর সন্তান ও মহান মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায় পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং এলাকাবাসী শেষবারের মতো তাঁকে শ্রদ্ধা জানাতে নিজ বাড়িতে ভিড় করেন।
বৃহস্পতিবার (৪ জুন) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় এবং গার্ড অব অনার প্রদানের মাধ্যমে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। পরে শ্মশানে মরদেহের শবদাহ করা হয়।
শেষকৃত্য অনুষ্ঠানে লালমনিরহাট জেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম। তিনি বীর মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় লালমনিরহাট জেলা পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম (গার্ড অব অনার) প্রদান করে। বিউগলের করুণ সুরে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর কফিনে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানানো হয়।
শেষকৃত্য অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধার সহযোদ্ধা, আত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত থেকে এই বীর সন্তানকে শেষ বিদায় জানান।
মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান লালমনিরহাটবাসী তথা সমগ্র জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উপস্থিত বক্তারা উল্লেখ করেন।
এদিকে বীর মুক্তিযোদ্ধা শ্রী সুনীল চন্দ্র রায়ের মৃত্যুতে সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।