
“আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় উদযাপিত হয়েছে পুলিশ সপ্তাহ-২০২৬। রবিবার (১০ মে) সকালে চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত মূল অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হন জেলা পুলিশের সদস্যরা।
সকাল ৯টায় ঢাকার রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ-২০২৬-এর শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রী বর্ণাঢ্য পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের আত্মত্যাগ ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
রাজারবাগের মূল অনুষ্ঠানটি চুয়াডাঙ্গা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে বড় পর্দায় সরাসরি সম্প্রচার করা হয়। এতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সরাসরি প্যারেড ও প্রধানমন্ত্রীর ভাষণ উপভোগ করে উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে নতুন কর্মস্পৃহা লক্ষ্য করা যায়।
উদ্বোধনী অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিনহাজ-উল-ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) অনির্বাণ দাস, হিমন বিশ্বাস ও মো. সোয়েব আহমেদ। এছাড়া জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিটের সদস্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে বিশেষ প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সাধারণ সদস্যদের সঙ্গে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ আয়োজন পুলিশ বাহিনীর অভ্যন্তরীণ ভ্রাতৃত্ব ও সংহতিকে আরও সুদৃঢ় করেছে।
এ সময় উপস্থিত কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা অনুযায়ী ‘স্মার্ট পুলিশ’ গঠনের লক্ষ্যে চুয়াডাঙ্গা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাবে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং একটি নিরাপদ চুয়াডাঙ্গা বিনির্মাণই তাদের মূল লক্ষ্য।