
চুয়াডাঙ্গা সদর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার সকালের দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। সরকারের কৃষিবান্ধব নীতির অংশ হিসেবে আউশ ধানের আবাদ বৃদ্ধি এবং কৃষকদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, কৃষকের মুখে হাসি ফোটাতে এবং দেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে। সময়মতো উন্নত বীজ ও সার ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়াতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র। তিনি কৃষকদের উদ্দেশে বলেন, সরকারি প্রণোদনার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে কোনো অপচয় না হয় এবং প্রত্যাশিত ফলন অর্জন করা যায়।
বিতরণ কার্যক্রমে প্রত্যেক কৃষককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
বিনামূল্যে বীজ ও সার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন কৃষকরা। তারা জানান, বর্তমান বাজারে কৃষি উপকরণের উচ্চমূল্যের মধ্যে এই সহায়তা তাদের চাষাবাদে বড় ধরনের স্বস্তি এনে দেবে। কৃষি বিভাগ জানিয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সব নিবন্ধিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ অব্যাহত থাকবে।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 













