
লালমনিরহাট প্রতিনিধি:
১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসনে মোটরসাইকেল প্রতীক নিয়ে শক্ত অবস্থানে রয়েছেন একমাত্র স্বতন্ত্র প্রার্থী মোঃ মমতাজ আলী শান্ত। তিনি কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের চাপারতল এলাকায় এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন।
কাকিনা মহিমারঞ্জন থেকে ২০০২ সালে এসএসসি এবং ২০০৪ সালে কাকিনা উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। এরপর জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ২০১১ সালে বিএসএস (অনার্স) ফার্স্ট ক্লাস এবং ২০১৩ সালে এমবিএস (মাস্টার্স) ফার্স্ট ক্লাস কৃতিত্বের সঙ্গে অর্জন করেন। বর্তমানে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে এলএলবিতে অধ্যয়নরত আছেন। পাশাপাশি তিনি বিভিন্ন দেশ ও বিদেশে ব্যবসা ও বাণিজ্যের কাজে অংশগ্রহণ করেন।
তিনি দীর্ঘদিন ধরে ব্যক্তিগত ও পারিবারিকভাবে সামাজিক কর্মকাণ্ডে জড়িত। মসজিদ, মাদরাসা ও মন্দিরে সহযোগিতা, রাস্তা-ঘাট সংস্কার, প্রতিবন্ধী ও অসহায়দের জন্য গৃহ নির্মাণ, গরীব ও এতিম ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার জন্য আর্থিক সহায়তা-সবই তার নিয়মিত কাজের মধ্যে পড়ে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি এ বছর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীকে লড়ছেন।
ইতিমধ্যে দুই উপজেলার বিভিন্ন হাট-বাজার, প্রত্যন্ত এলাকায় গণসংযোগ, পথসভা এবং নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট সংগ্রহ করছেন।
তিনি জানান, তরুণ সমাজের মধ্যে ইতোমধ্যেই আলোচনার সৃষ্টি হয়েছে। কারণ ভবিষ্যতে দেশের নেতৃত্বে তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই তাদের এগিয়ে আশা জরুরি।
১৭, লালমনিরহাট-০২ আসনটি (কালীগঞ্জ, আদিতমারী) লালমনিরহাট জেলার মধ্যবর্তী একটি গুরুত্বপূর্ণ আসন। এখানে দুইটি উপজেলা এবং ১৬টি ইউনিয়ন রয়েছে। এ আসনের মোট ভোটারের সংখ্যা ৪,৩২,৯৬৩ জন। এই আসনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মোঃ রোকন উদ্দীন বাবুল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর
মোঃ ফিরোজ হায়দার (দাঁড়িপাল্লা), জনতার দলের মোঃ শামীম কামাল (কলম), জাতীয় পার্টির মোঃ এলাহান উদ্দিন (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ মাহফুজুর রহমান (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নিমাই চন্দ্র রায় (কাস্তে) ও স্বতন্ত্র মোঃ মমতাজ আলী শান্ত (মোটরসাইকেল)।
স্বাধীনতা পরবর্তী সময় থেকে এ আসনটি জাপার সাবেক এমপি মজিবুর রহমানের দখলে ছিল। তিনি পরপর সাতবার টানা ৩৫বছর সংসদ সদস্য নির্বাচিত হন।
স্থানীয়রা জানান, মমতাজ আলী শান্ত একজন উদারপন্থী মানুষ। দীর্ঘদিন ধরে ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতা, গরীব ও অসহায়দের আর্থিক সহায়তা এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। নির্বাচিত হলে এই সহযোগিতা আরও শক্তিশালী হবে।
তরুণরা জানান, মমতাজ আলী শান্তকে ভবিষ্যতের সংসদ সদস্য হিসেবে দেখতে চায়, যাতে দেশ ও এলাকা উন্নত হয়।
স্বতন্ত্র প্রার্থী মমতাজ আলী শান্ত জানান, ৫ আগস্ট পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নিষিদ্ধতার কারণে জনগণ বিএনপির দিকে ঝুঁকেছিল। তবে বর্তমানে নানা কারণে জনগণ বিপরীতমুখী হওয়ায় সেই সুযোগ কাজে লাগিয়ে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। এজন্য সাধারণ ভোটারদের তীক্ষ্ণ নজর প্রয়োজন।
তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচিত হলে দুই উপজেলাকে বিশ্বমানের দৃষ্টিনন্দন ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবেন। তিনি ভোটারদের অনুরোধ করেছেন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল মার্কায় ভোট দেওয়ার জন্য।
মোঃ মাসুদ রানা রাশেদ 



















