
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় নিখোঁজের পর একটি ডোবার পানি থেকে কামাল উদ্দিন (৭৩) নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে দামুড়হুদা সদর ইউনিয়নের দশমীপাড়া এলাকার একটি ডোবায় তার ভাসমান মরদেহ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর আনুমানিক ২টার দিকে দশমীপাড়া এলাকার একটি ডোবায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন এলাকাবাসী।
মুহূর্তের মধ্যেই খবরটি জানাজানি হলে সেখানে উৎসুক জনতা ভিড় জমায়। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
দামুড়হুদা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি উদ্ধারকারী দল যৌথ প্রচেষ্টায় ডোবার পানি থেকে মরদেহটি উদ্ধার করে ডাঙায় নিয়ে আসে। এসময় সেখানে উপস্থিত নিহতের স্বজনরা মরদেহটি কামাল উদ্দিনের বলে শনাক্ত করেন।

নিহত কামাল উদ্দিন দামুড়হুদা সদর ইউনিয়নের বদনপুর গ্রামের মৃত বিশারত আলীর ছেলে। তিনি পেশাগত জীবনে একটি সরকারি বিদ্যালয়ে অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন এবং কয়েক বছর আগে অবসরে যান।
নিহতের পরিবারের সদস্যরা জানান, অবসর গ্রহণের পর থেকেই কামাল উদ্দিন বার্ধক্যজনিত নানা সমস্যার পাশাপাশি দীর্ঘ দিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
তিনি মানসিকভাবে ভারসাম্যহীন থাকায় প্রায়ই পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন এবং বিভিন্ন স্থানে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতেন।
পরিবারের ধারণা, সম্ভবত গত কয়েকদিনের কোনো এক সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে দশমীপাড়া এলাকায় চলে আসেন এবং অসাবধানতাবশত ডোবার পানিতে পড়ে যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান,
“ফায়ার সার্ভিসের সহযোগিতায় আমরা মরদেহটি উদ্ধার করেছি। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে আমাদের ধারণা, পা পিছলে বা কোনোভাবে ডোবার পানিতে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে আমরা কাজ করছি।”
ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ না থাকলেও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহটি ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি নিয়ে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
মোঃ নাঈম উদ্দীন 




















