
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ৩ নম্বর বাহিরচর ইউনিয়নে একদিনে নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সী ১২ জন কুকুরের কামড়ে আক্রান্ত হয়েছেন। গতকাল রোববার সকাল থেকে রাত পর্যন্ত আক্রান্তরা ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করেছেন।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে রাত পর্যন্ত বাহিরচর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে কুকুরের কামড়ে আক্রান্ত ১২ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়।
হাসপাতালের স্বাস্থ্য পরিসংখ্যানবিদ বাহিজিদ মানিক জানান, রোববার সকাল থেকে রাত পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত ১২ জন হাসপাতালে চিকিৎসা নিতে আসেন।
ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ে আক্রান্ত ১২ জন হাসপাতালে এসে টিকা গ্রহণ করেছেন।
এদিকে খবর পেয়ে ৩ নম্বর বাহিরচর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জহুরুল ইসলাম বিজলী মালিথা হাসপাতালে ছুটে যান। তিনি আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। পরে চিকিৎসকদের সঙ্গেও এ বিষয়ে কথা বলেন তিনি।
জহুরুল ইসলাম বিজলী মালিথা বলেন, কুকুরের কামড়ের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে। তিনি আক্রান্তদের দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
শান্ত হোসেন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
















