
মেহেরপুরের গাংনী সীমান্ত দিয়ে নারীসহ সাতজনকে পুশইনের (ঠেলে পাঠানো) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও গ্রামবাসীর প্রতিরোধে তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
বৃহস্পতিবার (২৫ জন) ভোরে উপজেলার সহড়তলা সীমান্তের ১৪২ নং আন্তজার্তিক পিলারের ৫ ও ৬ এস সাব পিলারের মাঝ দিয়ে তাদের পুশইনের চেষ্টা করা হয়। বর্তমানে ওই ব্যক্তিরা সীমান্তের কাঁটাতারের পাশে একটি বাঁশবাগানে অবস্থান করছেন।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহান হাবিব জানান, সহড়তলা সীমান্ত দিয়ে আজ ভোরে বিএসএফ সাতজনকে পুশইনের চেষ্টা করেছে। গ্রামবাসী ও বিজিবি সদস্যরা পাহারা দেওয়ার কারণে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া ব্যক্তিরা সীমান্তের মাঝে অবস্থান করছেন।
সহড়াতলা বিজিবি ক্যাম্পের কামান্ডার আইউব আলী জানান, পুশইনের চেষ্টা করা ব্যক্তিদের ফেরত নেওয়ার বিষয়ে বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা চলছে।
এর আগে, চলতি মাসের ৬ তারিখ ভোরে তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ ও ১৯ তারিখে সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া এলাকা দিয়ে ৪ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর শক্ত অবস্থানের কারণে পরে বিএসএফ তাদের ফেরত নেয়।
মেহেরপুর প্রতিনিধি 






















