
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে এক বিএনপি নেতার বাড়ির সামনে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল এবং জীবননাশের হুমকিসংবলিত একটি চিরকুট উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (০৩ জুন) সকালে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়ির প্রাচীরের ওপর রাখা অবস্থায় এসব সামগ্রী দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায়, বলিয়ারপুর গ্রামের মৃত এজেল শেখের ছেলে লস্কর আলী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি মাসুদ অরুনের সমর্থক হিসেবে পরিচিত। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দলীয় অভ্যন্তরীণ বিরোধ বা রাজনৈতিক কোন্দলের জের ধরে দুর্বৃত্তরা ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এসব সামগ্রী রেখে যেতে পারে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি হালকা নীল রঙের পলিথিনে মোড়ানো কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং একটি চিরকুট বাড়ির সামনের দেয়ালের ওপর রাখা ছিল। চিরকুটে জীবননাশের হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে চিরকুটের বিস্তারিত বিষয়বস্তু প্রকাশ করেনি পুলিশ।
ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই এটিকে ভয়ভীতি প্রদর্শন এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দেওয়ার অপচেষ্টা বলে মনে করছেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “খবর পেয়ে বারাদি পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড়সহ অন্যান্য আলামত উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে বলিয়ারপুর গ্রামজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মেহেরপুর প্রতিনিধি 
















