
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে চোরাচালান বিরোধী ঝটিকা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় উন্নতমানের ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার পিচমোড় এলাকা থেকে এই বিপুল পরিমাণ ওষুধের চালানটি উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনস্থ জীবননগর বিওপির একটি টহল দল সীমান্তে নজরদারি জোরদার করে। বৃহস্পতিবার সকালে হাবিলদার সোহরব হোসেনের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার ৬৮-এমপি হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার পিচমোড় এলাকায় অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন কয়েক ব্যক্তিকে সীমান্ত এলাকা থেকে মালামাল নিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির ধাওয়া খেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত অবস্থায় ওই ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৮০০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জব্দকৃত ওষুধের সংখ্যা: ১,৮০০ পিস। আনুমানিক বাজারমূল্য: প্রায় ৫ লক্ষ ৪০ হাজার টাকা।
বর্তমান অবস্থা: জব্দকৃত ওষুধগুলো জীবননগর থানায় হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যে, সীমান্ত দিয়ে অবৈধ পথে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিশেষ করে জীবননগর ও মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে কোনোভাবেই যেন অবৈধ ভারতীয় পণ্য বা ওষুধ দেশের বাজারে প্রবেশ করতে না পারে, সেজন্য গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং সীমান্ত সুরক্ষা নিশ্চিতে বিজিবি সদা তৎপর রয়েছে।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 


















