
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন হাট-বাজারে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে চরম অস্থিরতা দেখা দিয়েছে। সরকারিভাবে ১২ কেজির সিলিন্ডারের মূল্য ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হলেও, ভোক্তা পর্যায়ে তা ১ হাজার ৯০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা।
সরেজমিনে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ খুচরা ব্যবসায়ী সরকারি নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি করছেন। ক্রেতাদের অভিযোগ, কৃত্রিম সংকট সৃষ্টি ও সিন্ডিকেটের মাধ্যমে বাড়তি দাম আদায় করা হচ্ছে।
ক্ষুব্ধ এক ক্রেতা শরিফুল ইসলাম বলেন, “সরকার দাম বাড়িয়েছে ঠিক আছে, কিন্তু বাজারে এসে দেখি দোকানদাররা তার চেয়েও অনেক বেশি দাম নিচ্ছে। বাধ্য হয়ে ২ হাজার টাকায় সিলিন্ডার কিনতে হচ্ছে। দেখার যেন কেউ নেই।”
তবে খুচরা বিক্রেতাদের দাবি, ডিলার পর্যায়েই বেশি দামে গ্যাস কিনতে হচ্ছে। পরিবহন ব্যয় ও অন্যান্য খরচ যুক্ত হওয়ায় নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে তারা জানান।
স্থানীয় সচেতন মহলের অভিযোগ, নিয়মিত বাজার তদারকি ও কঠোর আইনি পদক্ষেপের অভাবে ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন। দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত দামের চেয়ে বেশি আদায়ের কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শান্ত হোসেন, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
























