
চুয়াডাঙ্গা সদর থানাধীন মাথাভাঙ্গা ব্রিজের নিচে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে পরিচালিত এই অভিযানে ১ লিটার দেশি মদ ও ১০ গ্রাম গাঁজাসহ তিন মাদক সেবনকারী ও কারবারিকে আটক করা হয়েছে।
অভিযান ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর উপজেলার মাথাভাঙ্গা ব্রিজ এলাকায় অভিযান চালায়।
এ সময় অসামাজিক ও মাদকবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকাকালীন হাতেনাতে আটক করা হয় তিনজনকে।
আটককৃতরা হলেন:
১. মো. বাবুল (৪২), পিতা: মৃত নাছির উদ্দিন, সাং- দৌলতদিয়া মাঝেরপাড়া, থানা: চুয়াডাঙ্গা সদর, জেলা: চুয়াডাঙ্গা।
২. মো. জব্বারুল (৩৫), পিতা: মৃত মিরাজ উদ্দিন, সাং- আলমপুর, থানা: মেহেরপুর সদর, জেলা: মেহেরপুর।
৩. মো. শরিফুল ইসলাম (২৩), পিতা: মো. আকুল, সাং- দৌলতদিয়া দক্ষিণপাড়া, থানা: চুয়াডাঙ্গা সদর, জেলা: চুয়াডাঙ্গা।
অভিযানকালে তল্লাশি চালিয়ে আটককৃত মো. বাবুল ও মো. জব্বারুলের হেফাজত থেকে অবৈধ ১ লিটার দেশি মদ এবং মো. শরিফুল ইসলামের কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আশিস মোমতাজ। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী দোষী সাব্যস্ত করে আটককৃত তিনজনের প্রত্যেককে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। জেলাকে মাদকমুক্ত রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন।
জব্দকৃত আলামতসহ আসামিদের আইনানুগ প্রক্রিয়ায় জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
নাঈম উদ্দীন, স্টাফ রিপোর্টার 























