মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছে চাঁদপুর জেলা পুলিশ। যথাযোগ্য মর্যাদা, শৃঙ্খলা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে চাঁদপুর শহরের স্মৃতিসৌধ ‘অঙ্গীকার পাদদেশ’-এ চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় পুলিশ সুপার, চাঁদপুর জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত) নেতৃত্ব দেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণ করা হয়। পরবর্তীতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের অবদানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীর, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১ (জেলা বিশেষ শাখা), টিআই (প্রশাসন), আরআই, পুলিশ লাইন্স, আরওআই, রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীরা গভীর শ্রদ্ধাভরে শহীদদের স্মরণ করেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম, দায়িত্ববোধ ও পেশাগত সততার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বাঙালি জাতির জন্য এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার ঘোষণা দেওয়ার মাধ্যমে শুরু হয় মুক্তিযুদ্ধ, যার চূড়ান্ত ফলাফল হিসেবে অর্জিত হয় আমাদের প্রিয় স্বাধীন বাংলাদেশ। এই স্বাধীনতা অর্জনে ত্যাগ স্বীকার করেছেন লাখো শহীদ, সম্ভ্রম হারিয়েছেন অসংখ্য মা-বোন, আর সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছেন মুক্তির সংগ্রামে।
এই দিবসটি আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয়—স্বাধীনতার এই মহান অর্জন সহজে আসেনি; এর পেছনে রয়েছে অসীম ত্যাগ, রক্ত ও সংগ্রামের ইতিহাস। তাই নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করা আমাদের সকলের দায়িত্ব।
চাঁদপুর জেলা পুলিশ মহান এই দিনে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে দেশ ও জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকার প্রত্যয় পুনর্ব্যক্ত করে। পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়।