
সরকারি কর্মকর্তাদের সরকার নির্ধারিত সময়ে অবশ্যই কার্যালয়ে উপস্থিত থাকতে হবে বলে জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যদি কোন কর্মকর্তা নির্ধারিত সময়ে অফিসে না আসেন এবং এ সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের মানুষ বিএনপির নির্বাচনী ইশতেহার গ্রহণ করেছে বলেই বিপুল জনসমর্থন ও ম্যান্ডেট দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে, আমরা জনগণের সেই আস্থার প্রতিদান দিতে বদ্ধপরিকর।
লালমনিরহাটের আইন শৃঙ্খলা ও সামাজিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা একটি আলোকিত লালমনিরহাট গড়তে চাই, মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া এবং বাল্য বিবাহের মতো সামাজিক অপরাধ নির্মূলে প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে এবং এ বিষয়ে নিয়মিত খোঁজ নেওয়া হচ্ছে।
এর আগে, সকালে লালমনিরহাট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী। হাসপাতালের ওয়ার্ড ও চারপাশের চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ সময় হাসপাতালের শ্রী ফেরাতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দেন আসাদুল হাবিব দুলু।
পরে বিকেলে বন্ধ হয়ে থাকা লালমনিরহাট বিমান বন্দর পরিদর্শনে গিয়ে মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে লালমনিরহাট সফরের আমন্ত্রণ জানিয়েছেন যাতে দ্রুত এটি পুনঃরায় সচল করার ব্যবস্থা নেওয়া যায়।
মাসুদ রানা রাশেদ, লালমনিরহাট প্রতিনিধি 




















