
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুতের খুঁটি (খাম্বা) বহনকারী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল ইসলাম নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। শনিবার (৭ মার্চ) দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কোটচাঁদপুর–কালীগঞ্জ সড়কের কাগমারী মোড় এলাকায়, ফায়ার সার্ভিস স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সোয়া ১২টার দিকে একটি ট্রাক্টর বিদ্যুতের খুঁটি নিয়ে কোটচাঁদপুর থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ডিসকাভার ১১০ সিসি মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: ঝিনাইদহ হ-১৭-১২৫৩) কাগমারী মোড়ে ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের ফলে মোটরসাইকেল আরোহী সাইদুল ইসলাম ছিটকে পড়ে ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরের নিচ থেকে তাকে উদ্ধার করেন। পরে তাকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা কুতুবউদ্দিন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাক্টরের নিচ থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নাজমুল ইসলাম জানান, দুপুর ১টা ৩৪ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন। তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে এবং বাম পায়ের হাঁটুর ওপর থেকে দুই পা ভেঙে গেছে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতিতে বিদ্যুতের খুঁটি পরিবহনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। কোটচাঁদপুর মডেল থানার এসআই শ্যামল কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ট্রাক্টরটিতে বিদ্যুতের খুঁটি থাকায় তাৎক্ষণিকভাবে সেটি সরানো সম্ভব হয়নি। খুঁটি সরানোর চেষ্টা চলছে, সরানো হলে ট্রাক্টরটি জব্দ করা হবে। ট্রাক্টরটির কোনো রেজিস্ট্রেশন রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি শনাক্তের চেষ্টা চলছে। আহত সাইদুল ইসলাম বরিশাল জেলার ঝালকাঠি উপজেলার নলছিটি থানার তিমিরকাটি গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি ইনতেফা কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন। কর্মস্থলে যাওয়ার পথে এই দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।