স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে ভোট কারচুপির কোনো সুযোগ নেই। কোথাও অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সঙ্গে সঙ্গে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানান তিনি। অভিযোগ প্রমাণিত হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এর আগে কোনো নির্বাচনে এত বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়নি। প্রতিটি এলাকার ঝুঁকি ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের তুলনায় আরও সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাছিমুল গণির সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচটি জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সেনাবাহিনী, বিজিবি ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মাধ্যমে জনগণের ম্যান্ডেট সঠিকভাবে প্রতিফলিত হবে।