বিশেষ প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
সভায় মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান প্রতিরোধ, যানজট নিরসন এবং আসন্ন জাতীয় ও স্থানীয় কর্মসূচি কেন্দ্রিক নিরাপত্তা জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গা ইতোমধ্যেই মাদকের আনাগোনা ব্যাপক হারে বেড়েছে। কিছুদিন আগেও আমরা এস্কাফ নামক মাদকের একটি বড় চালান জব্দ করেছি। মাদকের বিরুদ্ধে আমরা সর্বদা সোচ্চার রয়েছি তবে মাদককে রুখতে সকলকে এগিয়ে আসতে হবে। শুধু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বা পুলিশ একা কিছু করতে পারবে না সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদককে রুখে দেওয়া সম্ভব।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতিতে কাজ করতে হবে। জেলার মাদকদ্রব্য ও যানজট নিরসনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বিভাগকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিএম তারিক উজ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা।
এই সভার মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।