
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোটচাঁদপুর উপজেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন এখন পুরোপুরি মাঠে। শুরু হয়েছে বিশেষ পেট্রোলিং, মহড়া ও নজরদারি কার্যক্রম।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল থেকে কোটচাঁদপুর উপজেলার পাঁচটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকা এবং পৌরসভার বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর সমন্বয়ে বিশেষ মহড়া ও পেট্রোলিং পরিচালনা করা হয়।
এ সময় হাট-বাজার ও জনবহুল এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মো. এনামুল হাসান। তিনি স্পষ্ট ভাষায় ভোটারদের উদ্দেশে বলেন, কোনো ভয় নয়, কোনো আতঙ্ক নয়—দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করুন।
উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, ভোটের দিন জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, সে জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে। পোশাকধারী ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম সার্বক্ষণিক মাঠে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। ভোটকেন্দ্রে এসে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারবেন ভোটাররা। তিনি জানান, নির্বাচনকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। উপজেলার প্রতিটি ভোটকেন্দ্রে থাকবে শক্ত নিরাপত্তা বেষ্টনী। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মো. সায়েম ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সোহেল রানা, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন মো. নিরুপম আলী হাসান, কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদউজ্জামান, তদন্ত ওসি এনায়েত হোসেন, বিজিবি কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নিজস্ব প্রতিবেদক 























