
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে সংগঠনটি। আগামী ৭ জানুয়ারির মধ্যে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও চার্জশিট দেওয়া না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের।
ঢাকার শাহবাগ মোড়ে শুক্রবার বিকালে সংগঠনটির অবরোধ কর্মসূচি চলাকালে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল্লাহ আল জাবের বলেন, ‘ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভ্রান্তিকর বক্তব্য আমরা বিশ্বাস করি না। হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভারতীয় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন।’
হত্যাকাণ্ডের ২১ দিন পেরিয়ে গেলেও প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সরকার এখনো প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ। সরকার আগামী ৭ জানুয়ারি চার্জশিট দেওয়ার কথা বললেও, শুধুমাত্র ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি।
তিনি আরও হুঁশিয়ারি দেন যে, এই হত্যাকাণ্ডের পেছনে যাদের হাত রয়েছে, তাদের সবাইকে আইনের আওতায় এনে চার্জশিট দিতে হবে। তা না হলে ৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে। তিনি দাবি করেন, নির্বাচন পর্যন্ত রাজপথে থেকেই রাষ্ট্র পাহারা দেবে ইনকিলাব মঞ্চ।
শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের এই অবস্থান কর্মসূচির কারণে দীর্ঘ সময় যান চলাচল ব্যাহত হয়।
অনলাইন ডেস্ক 
















